ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিখোঁজের তিন দিন পর পুকুরে রিকশাচালকের লাশ, রহস্য ঘনীভূত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৬:৫৫ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর মকবুল হোসেন (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পুঠিয়া শিবমন্দরের উত্তর পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া কলোনীপাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং খৎনা দেওয়ার কাজও করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন তিন দিন আগে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পেশাগত কারণে তিনি বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে প্রথম দিকে পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি।

পুকুরের পাহারাদার মোস্তফা মণ্ডল জানান, শনিবার রাতে টর্চলাইটের আলো ফেলে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন তিনি। পরে আশপাশের লোকজনকে খবর দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহায়তায় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মেজ ছেলে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। এ সময় পুঠিয়া থানার এসআই মো. আব্দুল মাজেদ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে এবং শরীর ফুলে গেছে। এ কারণে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।