ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার, অস্ত্র-ককটেল উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:৪৯ পিএম
প্রতীকী ছবি

​রাজশাহীর চারঘাটে পৃথক অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ ছাড়া একই এলাকায় অপর এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

​শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে চারঘাট থানার ইউসুফপুর ও মোক্তারপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে চারঘাট থানার ইউসুফপুর গ্রামে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে চেকপোস্ট বসায় র‍্যাব-৫-এর একটি বিশেষ দল। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

​মাদক পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা হলেন— চারঘাট থানার ইউসুফপুর গ্রামের মো. রায়হান আলী (২৬) ও একই এলাকার মো. ইনতাজুল হোসেন (২৬)। 

এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং দুটি সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে একই রাতে পৌনে ১২টার দিকে চারঘাট থানার মোক্তারপুর ১ নম্বর ওয়ার্ডে রাজশাহী ক্যাডেট কলেজের দেয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‍্যাব। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পার্শ্ববর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

​এ ঘটনায় চারঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।