‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার। বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় বর্ষবরণের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। পালকি, ব্যানার-ফেস্টুন এবং বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন