রাজশাহী মহানগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণসামগ্রী (রড) সড়কের ওপর রাখা ছিল। এ কারণে সাধারণ মানুষের যাতায়াত এবং তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া পিএন স্কুলের পূর্ব পাশে একটি গলিতে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নাগরিক সমস্যার এই দুটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরা হলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচরে আসে। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক দ্রুত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
রাসিক প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি প্রতিনিধি দল স্থান দুটি পরিদর্শন করেন। আফরিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কের ওপর থেকে রড অপসারণ এবং পিএন স্কুলের সামনে ড্রেনের ওপর স্লাব বসিয়ে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়েছে এবং ড্রেনের ওপর স্লাব বসিয়ে রাস্তাটি পুনরায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় এবং উপ-সহকারী প্রকৌশলী আজমল হুদা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন