রাজশাহীতে মদ পান করে অসুস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার নাম জাহিদ হাসান অলি (২০)। জাহিদ কয়েকজনের সঙ্গে নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি- এই ভয়ে যে মদপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন।
বুধবার ভোররাতে শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তার মৃত্যু হয়। জাহিদকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদপানের বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে।
ওসি জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।



