রাজশাহীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১৯ মে) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ সূত্রে জানা গেছে, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা অপসারণের কাজের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বনগ্রাম ফিডারের আওতাধীন মোহনপুর আইসোলেটর থেকে শেষ প্রান্ত পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া এবং বামনশিখড় (মা ভাটা) এলাকা।
নেসকো জানিয়েছে, ঈদকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন