ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

বিদ্যুতের খুঁটির ওপরে ঘুঘুর ছানা ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহী নগরে ঘুঘু পাখির ছানা ধরতে বিদ্যুতের খুঁটিতে ওঠে বিদ্যুৎস্পর্শে মো. সাজ্জাদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিশোর সাজ্জাদ রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরার উদ্দেশ্যে খুঁটিতে ওঠে সাজ্জাদ। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এলে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পর্শ হয়। সঙ্গে সঙ্গে খুঁটির ওপর ঝুলে পড়ে কিশোরটি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।