আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর মা হওয়ার গুঞ্জনটা ছিল অনেক দিন ধরেই। গেল রোজার ঈদের আগে নায়িকার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি সেই জল্পনা আরও উসকে দেয়। এফডিসিতে বুবলীর পারফরমেন্স ও বিভিন্ন শো রুম উদ্বোধনে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। বরাবরের মতো নিজের বেবি বাম্প লুকিয়ে অন্তঃসত্ত্বার খবরটি এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। কন্যাসন্তানের মা হয়েছেন বুবলী। শাকিবের ঘরে বুবলীর দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। গত ১১ মে তাদের সন্তান জন্ম নিয়েছে বলে জানা গেছে।
মা হওয়ার খবর দিয়ে বুবলী বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
কয়েক মাস ধরেই অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। মাঝে সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও সে খবর পাওয়া যায়নি। তবে তাদের কন্যাসন্তান দেশে নাকি বিদেশে জন্ম হয়েছে তা জানা যায়নি। নির্ভরযোগ্য একটি সূত্রের বরাতে জানা গেছে, দেশেই সন্তান জন্ম দিয়েছেন বুবলী।
শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। শার্লিন খান বুবলীর দ্বিতীয় সন্তান। তবে শাকিব খানের তৃতীয় সন্তান।
২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় আব্রাহাম খান জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। যদিও পরবর্তীতে অপুকে ডিভোর্স দেন শাকিব। তবে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে ফ্রেম বন্দি হতে দেখা যায়।

