ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

এত পরিচ্ছন্ন সিনেমা আমার ক্যারিয়ারে দেখিনি

মিনহাজুর রহমান নয়ন
প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৩:৫০ পিএম

আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভিন্ন ধারার গল্পে কাজ করতে। যতটুকু সম্ভব আমাদের চলচ্চিত্র বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। ‘প্রিয়তমা’সিনেমার ভিন্নতা দর্শক তুমুলভাবে পছন্দ করেছিল। ‘তুফান’ অ্যাকশন সিনেমা, এটাও দর্শক ব্যাপক পছন্দ করেছে। ‘বরবাদ’-ও দর্শক লুফে নিয়েছিল। এবারও ছোট্ট একটা চেষ্টা করেছি সবাইকে সঙ্গে নিয়ে। ‘রকস্টার’ একটি পিওর রোমান্টিক মিউজিক্যাল সিনেমা। অ্যাকশন বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে এতে গান ও নিটোল প্রেমের গল্পকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দর্শক সিনেমাটি পছন্দ করেছেন। ‘রকস্টার’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে এভাবেই বলেছেন চিত্রতারকা শাকিব খান।

দেশসেরা এই নায়ক আরও বলেন, আমার মনে হয়েছে ভিন্ন ধারা, ভিন্ন জনরার সিনেমায় কাজ করা উচিত। যে জনরায় বন্দুক থাকবে না। চেনা ছন্দ থেকে বেরিয়ে একটা পরিবারিক গল্পে কাজ করতে চেয়েছিলাম। পর্দায় মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চেয়েছি। পারিবারিক বন্ধন খুব দরকার হয়। ড্রাগ মানুষকে ধ্বংস করে দেয়। ড্রাগ আমাদের সমাজে ক্ষতিকারক তা সিনেমায় তুলে ধরেছি। ড্রাগ জীবন থেকে জীবন কেড়ে নেয়। রকস্টার সিনেমায় চমৎকার গান রয়েছে। এত পরিচ্ছন্ন সিনেমা আমার ক্যারিয়ারে দেখিনি। রকস্টার নতুন ধারার সিনেমা। যারা রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করেন তাদের এই সিনেমাটি বেশ ভালো লেগেছে।

শাকিব বলেন, সব শ্রেণির দর্শকদের জন্য সিনেমা বানাতে হবে। নিটোল প্রেমের সিনেমা হবে না তা কিন্তু নয়। নির্দিষ্ট শ্রেণির দর্শকদের জন্য সিনেমা বানালে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যাবে না। সবার কথাই চিন্তা করতে হবে। এবার কিছু দর্শক নতুন করে হলে এসেছে। এটা বাংলা সিনেমার জন্য খুবই ইতিবাচক।

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে চলা নেতিবাচক প্রচারণা এবং তথাকথিত ‘ফিল্ম পলিটিকস’নিয়েও মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক। প্রশ্ন রেখে আক্ষেপ করে এই অভিনেতা বলেন, একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। শুধু  নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করল প্রথম দিনÑ এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?’
শাকিবের অভিযোগ, সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে শুধু নেতিবাচক প্রতিক্রিয়াগুলো প্রচার করেছে। ইতিবাচক মন্তব্যগুলো আড়াল করে বেছে বেছে সমালোচনামূলক অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে।

দর্শকদের নতুন কিছু দেখানোর প্রচেষ্টা চললেও একটি পক্ষ এখনো পুরোনা ধাঁচের সিনেমার মধ্যেই চলচ্চিত্রকে সীমাবদ্ধ রাখতে চায় উল্লেখ করে তিনি দীর্ঘ ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন। বলেন, ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার। যদিও আমি এটাকে শিকার বলি না। আমার কাছে মনে হয়, পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট করেই উঠতে হয়। আবার চূড়ায় যদি থাকতে হয় তাহলেও অনেক স্ট্রাগল, কষ্ট করেই থাকতে হয়। এটা আমাদের ক্যারিয়ারেরই অংশ। 

শাকিব খান স্পষ্ট করেই বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। নতুন ধারার গল্প নিয়ে সিনেমা যখনই এগিয়ে যেতে চায়, তখনই তারা টেনে পেছনে নামানোর চেষ্টা করে। তারা চায় দর্শক চেনা ছকের মর্টারগান বা মেশিন গানের মারামারিতেই আটকে থাকুক।

তবে এ ধরনের বক্স অফিস পলিটিক্সকে ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন ২৭ বছর ধরে ইন্ডাস্ট্রির চূড়ায় থাকা এই তারকা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের চূড়ায় উঠতে যেমন লড়াই করতে হয়, সেখানে টিকে থাকতে গেলেও সমপরিমাণ স্ট্রাগল করতে হয়। সাময়িকভাবে ইউটিউবাররা ভিউয়ের আশায় নেতিবাচক কন্টেন্ট ছড়ালেও, দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক ফেরার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, দিন শেষে সত্যেরই জয় হয়। আজমান রুশোর পরিচালনায় দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ।