ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৭:১৫ পিএম
প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার রাতে (২৮ অক্টোবর) পুঠিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের দমদমা গ্রামের মৃত সেরাজ মোল্লার ছেলে আজিজুল মোল্লাকে (৪৮)। ভুক্তভোগী তরুণী বৃষ্টি খাতুন মমিন আলী ও দেলোয়ারা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পিতা-মাতা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন এবং ছোট ভাইসহ সেখানে বসবাস করেন। বৃষ্টি খাতুন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি দমদমা গ্রামে দাদি আনোয়ারার (৭০) কাছে থাকতেন।

গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দাদি বাজারে গেলে প্রতিবেশী চাচা আজিজুল মোল্লা বাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কাউকে না বলার জন্যও হুমকি দেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে আজিজুল ওই তরুণীকে ধর্ষণ করেছেন।



ঘটনার প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ভুক্তভোগীর দাদি বিষয়টি ফোনে মেয়ের বাবা-মাকে জানান। এরপর তারা গাজীপুর থেকে পুঠিয়ায় এসে বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তিকে জানালে তারা গোপনে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগীর পরিবার আপস না করে আইনের আশ্রয় নেয়।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।