ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনি দায়িত্ব পালনে গিয়ে আনসার সদস্যের মৃত্যু

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:২৫ এএম
জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্ব পালন করতে এসে এক আনসার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আনসার সদস্যের নাম মোহাম্মদ এরশাদ আলী। তিনি বরকল উপজেলার শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ বিএন)-এ সুবেদার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

গণমাধ্যম এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, সুবেদার মোহাম্মদ এরশাদ আলী জুরাছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ছিলেন।

জুরাছড়ি সহকারী আনসার কমান্ডার মোহাম্মদ গোলাম রাব্বি জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বের হন। এ সময় ইউনিয়ন পরিষদের ফটকে পৌঁছামাত্রই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সহকারী সার্জন ডা. মোহাম্মদ ফয়সাল বিন ফেরদৌস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই আনসার সদস্যের মৃত্যু ঘটে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ-বিন-আখন্দ। তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে এসে একজন দায়িত্বশীল আনসার সদস্যের এভাবে মৃত্যুবরণ অত্যন্ত দুঃখজনক। আমরা একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ সদস্যকে হারালাম।

এ ছাড়া রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশফী এক শোকবার্তায় আনসার সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

নির্বাচনি দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ সময়ে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জুরাছড়ি উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।