রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাজার তদারকি ও ভোক্তার অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে অনিয়মের অভিযোগে তিনটি জ্বালানি তেলের দোকান ও একটি সারের ডিলারকে জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজস্থলী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় তিনটি জ্বালানি তেলের দোকানকে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি জ্বালানি তেলের দোকানে নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না এবং প্রয়োজনীয় কাগজপত্রও দোকানে সংরক্ষিত ছিল না। এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়।
একই অভিযানে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মৃদুল স্টোর নামের একটি সারের ডিলারকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে কৃষি উপকরণ সঠিকভাবে বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল ও কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মানা বাধ্যতামূলক। কোনো ধরনের অনিয়ম বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


-20260308151447.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন