রাঙামাটির কাপ্তাইয়ে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ৩ টনের মিনি ট্রাক পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত চালকের নাম মো. আজিজুল ইসলাম (৪৪)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর আকনপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫ বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
স্থানীয়দের মতে, পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক ও উঁচু-নিচু পথের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন