রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আগে থেকেই ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।
তবে এ ঘটনায় ইউপিডিএফের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কেউ সাড়া দেননি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ গ্রুপ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
তবে সম্প্রতি আবারও পাহাড়ে উত্তেজনা বেড়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ ও জেএসএসের সদস্যরা প্রাণ হারাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন