রাঙামাটিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশক্রমে ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবি এমএসের নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা-দিঘিনালা সড়কে নালকাটাছড়া এলাকায় রাত আনুমানিক ৯টার দিকে অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, যে, মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে মারিশ্যা জোন জিরো টলারেন্স ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে এবং বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকাকে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
এ ছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারি কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক ওই চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল তল্লাশি করে মালিকবিহীন বিদেশি মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন