রংপুরের মিঠাপুকুরে নৌকায় উঠে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর এলাকার ‘বড়পুকুর’ নামের একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। নিহত মাদরাসাছাত্রীর নাম সুবর্ণা খাতুন (১৫)। তিনি স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সুবর্ণা জারুল্লাপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে। পারিবারিক সমস্যার কারণে তিনি নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সুবর্ণা তিনজন নিকট আত্মীয়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে বড়পুকুরে যান। সেখানে একটি নৌকায় ওঠেন তারা। নৌকাটি জলাশয়ের মাঝামাঝি পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা আত্মীয়রা কিছু বুঝে ওঠার আগেই তিনি গভীর পানিতে তলিয়ে যান।
পরে নৌকায় থাকা স্বজন ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আট সদস্যের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে আটটার দিকে জলাশয় থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মশিউর রহমান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


