জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে এবারের নির্বাচনে বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পাননি লাঙ্গল প্রতীকের প্রার্থীরা। দল প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এমন বিপর্যয় আগে দেখেনি জাতীয় পার্টি।
নির্বাচনে ভরাডুবির পর রংপুরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল প্রতিক্রিয়া। এর মধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙ্গল রেখে প্রতীকী ‘নামাজে জানাজা’ পড়ার দৃশ্য। কয়েকটি ফেসবুক পেজ ছবিটি শেয়ার করে লিখেছেন, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের জানাজা সম্পন্ন হলো।
ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি প্রতিপক্ষকে ব্যঙ্গ করার কৌশল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় অবস্থানে রয়েছেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে লাঙ্গলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচনে সেই চিত্র পাল্টে গেছে। সংশ্লিষ্ট আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রংপুরে জাতীয় পার্টির এই পরাজয় দলটির সাংগঠনিক দুর্বলতা ও ভোটের নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।


