ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন ‍ঘিরে ৩৩ ব্যাটালিয়নের ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২৮ পিএম
৩৩ বিজিবি। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের আস্থা অর্জনে উপযোগী পরিবেশ তৈরি করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী করে তোলার লক্ষ্যে ৩৫ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে। সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ৩৫ প্লাটুন (প্রায় সাতশ) বিজিবি মোতায়েনের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণের কাজ চলছে।

নির্বাচন উপলক্ষে গত ২৯ জানুয়ারি থেকে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৩৫ প্লাটুন (প্রায় সাতশ) বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনকে ঘিরে দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪০টি টহল, ৫০টির অধিক যৌথ অপারেশন এবং ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই বাহিনী।

এ ছাড়া নিজস্ব ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি অপারেশন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হুমকি প্রতিরোধে ড্রোন, ডগ স্কোয়াড, বডি-ওর্ন ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়ট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করে দায়িত্ব পালন অব্যাহত রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বিস্তার রোধ এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা দিবা-রাত্রি নিরবচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে চলেছেন।

বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা প্রদান করে আসছেন।