ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৩৭ পিএম
অভিযুক্ত মিলন হোসেন পা ধরে আছেন। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিলন হোসেন নামের একজনের বিরুদ্ধে। তার কাছে ৫২ নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি পাওয়া যায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্তের বাড়ি থেকে এসব নথি উদ্ধার করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি দল মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি ৫২ নারীর ছবিসহ এনআইডির ফটোকপি বের করে দেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা।

জহুরুল ইসলাম বলেন, মিলন একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ফ্যামিলি কার্ডের নাম করে অসহায় নারীদের সঙ্গে প্রতারণা করছিলেন।

উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর বলেন, ‘উপস্থিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে স্থানীয়দের অনুরোধে আপাতত পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’