ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুন্দরবনে নিখোঁজ পাঁচ মৌয়ালের মধ্যে চারজন উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া পাঁচজন মৌয়ালের মধ্যে চারজনকে উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে সুন্দরবনের ভারতীয় অংশ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহমান এবং একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।

অপরদিকে, শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের ওবের আলী গাজীর ছেলে মৌয়াল শওকত আলী গাজী এখনো নিখোঁজ রয়েছেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরণে যান। গত ৮ আগস্ট ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে।

পরে বন বিভাগ বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে বুড়িগোয়ালিনি স্টেশন কার্যালয়ে নিয়ে আসে। তবে শওকত আলীর এখনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।