সাতক্ষীরায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে সমন্বিত টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা (Clinical Waste Management) প্ল্যান্ট না থাকায় তিনটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি ব্যাটালিয়ন আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযান চলাকালে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন সনদ, ড্রাগ লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কাগজপত্র ও অনুমোদন বিস্তারিতভাবে যাচাই করা হয়।
এ সময় আরও কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ, দ্রুত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান রক্ষা এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন