ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাজী নজরুলের বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

​তিনি স্পষ্ট করে জানান, ওই বিষয়ে তিনি নিজস্ব কোনো মতামত প্রকাশ করেননি; বরং ঘটনার শিকার হওয়া তরুণী ও তার বাবার দেওয়া বক্তব্যই সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছিলেন। কিছু গণমাধ্যম ও পত্রিকা তার পুরো বক্তব্য না দিয়ে আংশিক কেটেছেঁটে প্রকাশ করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

​শুক্রবার (২৪ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

​এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের এক মসজিদে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই বিভ্রান্তির সৃষ্টি হয়।

​ঘটনার বিশদ ব্যাখ্যা দিয়ে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গতকাল আমার নির্বাচনি এলাকায় একটি অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ গাজী নজরুল সাহেবের বিষয়টি জানতে চান। এর জবাবে প্রসঙ্গক্রমে আমি বলি যে, আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছি এবং তাদের দেওয়া বক্তব্য তুলে ধরেছি। সেখানে আমার ব্যক্তিগত কোনো মতামত ছিল না।

​তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অনৈতিক এবং এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত সম্পূর্ণ যথার্থ। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে পূর্ণ ঐকমত্য পোষণ করেছি এবং সাধারণ জনগণও এটিকে স্বাগত জানিয়েছে। আমি কেবল তরুণী ও তার বাবার বলা কথাগুলোই উল্লেখ করেছিলাম।

​সংবাদ সম্মেলনে তিনি আংশিক ও বিকৃত তথ্য প্রকাশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একইসঙ্গে সংবাদমাধ্যমগুলোকে সঠিক ও পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করার আহ্বান জানান।