ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশ: এএসআই সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:১৭ এএম
জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন ওই এএসআই। ছবি- রূপালী বাংলাদেশ

রূপালী বাংলাদেশসহ কয়েকটি পত্রিকায় সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনার খবর প্রচারিত হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ কারী মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সতক্ষীরার পুলিশ সুপারের পক্ষ থেকে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা–২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন ওই এএসআই।

এ সময় তিনি ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইলে অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়াকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এ ব্যাপারে দৈনিক রূপালী বাংলাদেশসহ কয়েকটি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে।