শরীয়তপুরে ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৪ জানুয়ারি) সকালে র্যাব-১৪-এর একটি দল কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন ডামুড্যার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, আসামিদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে কর্মকর্তারা ব্রিফিংয়ে তাদের গ্রেপ্তারের বিস্তারিত জানাবেন।
গত বুধবার রাতে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসকে কুপিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা তার গায়ে পেট্রোলজাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি শনিবার (৩ জানুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন