শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন এক ছাত্রলীগ নেতা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখীপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে ওসির বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের নখ উঠে যায়। আহত অবস্থায় তিনি প্রথমে সাজেদা জব্বার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় ফিরে আসেন।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতার নাম আতিকুল ইসলাম সোমেল। তিনি সখীপুর থানা ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) শাখার সভাপতি। তিনি সখীপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবুর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সখীপুর বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির বিষয়ে অভিযানে ছিল ওসিসহ পুলিশের একটি দল। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করতে টহল কার্যক্রম চালানো হয়। এ সময় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের আওতায় ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার ওই ছাত্রলীগ নেতার পরিচয় জানতে চান। তবে কোনো উত্তর না দিয়ে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে অভিযানে ছিলাম। পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে বাজারের একটি দোকানে দেখলাম। আমাদের দেখে পালানোর চেষ্টা করে। তাকে তার রাজনৈতিক পরিচয় জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা করতে গিয়ে আমার হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন