শরীয়তপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।
আটক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার হাওলাদার মন্টু তালুকদারের স্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি শটগান, ৭১ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাকসেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানের সময় মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন