শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচার ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে টানানো একটি পোস্টারে একসঙ্গে তিন আলোচিত রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি নড়িয়া উপজেলাতেই ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। এবার তিনি নিজেকে নির্দলীয় ও নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবি করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তার ছবি সম্বলিত একটি পোস্টার এলাকায় টানানো হয়েছে এবং একই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয়। পোস্টারটিতে বাম পাশে শেখ মুজিবুর রহমানের ছবি, ডান পাশে জিয়াউর রহমানের ছবি এবং মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। আর নিচে নিজেকে ‘নিরপেক্ষ ও নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে উল্লেখ করেন ফাহিম হাসান রনি মাঝি।
এই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী প্রচার হিসেবে দেখছেন, আবার কিছু মানুষ এ নিয়ে সমালোচনাও করছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফাহিম হাসান রনি মাঝি জানান, তিনি রাজনীতির বাইরে থেকে নিরপেক্ষভাবে নির্বাচনে অংশ নিতে চান। সে কারণে তিনি কোনো দলীয় পরিচয় সামনে আনেননি।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক, তাই তিনি তার কাছে মহান। একইভাবে জিয়াউর রহমানেরও স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে, সেটাও তিনি অস্বীকার করেন না। তাই দুজন নেতার ছবিই রেখেছেন।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। এ জন্য সম্মান জানাতে তার ছবিও রাখা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এ ধরনের প্রচার এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।



