শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ৬ সমর্থকের ওপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খান এই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। ঈদ এলেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে ৫ আগস্টের পর শাওন ও তার লোকজন এলাকায় ছিল না। এই ঈদে তারা এলাকায় আসে এবং সম্প্রতি বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নেয়।
অভিযোগ রয়েছে, মীমাংসার বৈঠকের কথা বলে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় শাওন ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করে ফেলে রেখে যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম এলাকায় অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন