সাম্প্রতিক প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শরীয়তপুরের গোসাইরহাটে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ক্যাম্পেইনে ৪৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় গোসাইরহাট থানার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় ও দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে ৪৩০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন