ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই, আটক ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:৫৩ পিএম
নিহত মোহাম্মদ আলীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে আছে সন্তানরা। ছবি : রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার নিয়ে গিয়ে খুনের শিকার হয়েছেন শেরপুরের মোহাম্মদ আলী। নিহত মোহাম্মদ আলী (৪২) শেরপুর সদর উপজেলার কুমরী কৃষ্ণপুর এলাকার আ. খালেকের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী শনিবার (৩ জানুয়ারি) রাতে তার প্রাইভেটকারে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার উদ্দেশে রওনা হওয়ার পর তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে রোববার (৪ জানুয়ারি) সকালে রবিউলের লাশ স্থানীয় সোহাগপুর গ্রাম থেকে উদ্ধার করে আশুগঞ্জ থানা পুলিশ। প্রাইভেটকারটি সরাইল থানার হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসাইন বলেন, মোহাম্মদ আলীর লাশ শেরপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বাবা আ. খালেক বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। আমরা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা আদিব (১৯) নামে এক যুবককে আটক করেছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত গাড়িচালক মোহাম্মদ আলীর লাশ শেরপুরের বাজিতখিলার কুমরী কৃষ্ণপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। 

নিহত মোহাম্মদ আলীর বাবা বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের তিন সন্তান নিয়ে এখন কোথায় যাব?