শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শাকিল (৩৮), জহুরুল ইসলাম (৪৫), রাব্বী (২৪) ও জসিম। ভ্রাম্যমাণ আদালত শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। অপরদিকে রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাকিল ও জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এবং তারা মাদকাসক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে নয়াগাঁও গ্রাম থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, তাঁর সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


