ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৯০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:৪৫ পিএম
শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি- সংগৃহীত

শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার পাঠের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুরের ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে নির্বাচন কমিশনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘নির্বাচনি ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থকেরা একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইগাতী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।