শেরপুর-৩ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মারা গেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়।
জানা গেছে, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিডনিজনিত রোগে অনেকদিন থেকেই ভুগছিলেন তিনি।
এ দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে ইন্তেকাল করেন।
পোস্টে আরও বলা হয়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
জানা যায়, মো. নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কের ঈদগাহ মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মরদেহ তার শ্রীবরদীর বাসভবনে রাতেই নেওয়া হয়। এ দিকে জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকবার্তা জানিয়েছেন।


