ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেরপুরে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৩৮ পিএম
গত ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী ৩ বোনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌসুমী।

এর আগে গত (৩ এপ্রিল) শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরিয়ম আক্তার মৌসুমি জানান, প্রতিবেশী আবু, সোহাগ ও রনি দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হুমকি, গালিগালাজ এবং চলাচলে বাধা প্রদান করে আসছে।

তিনি বলেন, ২১৭ (আরওআর) ও ৭৪৪ (বিআরএস) নং দাগের জমি নিয়ে একাধিক মামলা হলেও ২০১০ সালে নিম্ন আদালত এবং ২০১৬ সালে উচ্চ আদালত উভয়ই তাদের পক্ষে রায় দেন। তবুও বিবাদীপক্ষ আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তাদের ব্যক্তিগত রাস্তা ব্যবহার করে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বাড়ি থেকে বের হতে বাধা দিলে তারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। এ ছাড়া ২০২৪ সালের ১৪ অক্টোবর তাদের গুদামঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিবাদীপক্ষের সদস্যরা গুম ও হত্যার হুমকি দিচ্ছে এবং অতীতেও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এ অবস্থায় ভুক্তভোগী পরিবার নিরাপদে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চেয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দাখিল করেছেন। 

এ ব্যাপারে সদর থানার এসআই তপন দেব বলেন, ‘দীর্ঘ ৩০ বছরের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’