নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর এক সপ্তাহ আগে তিনি মুক্তি পান।
বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মোয়াজ মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাথায় হৃদরোগে আক্রান্ত মারা গেছেন আব্দুল কুদ্দুস মোয়াজ। তার জানাজার নামাজ আজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শোক বার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দীর্ঘদিন কারান্তরীণ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মোয়াজ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন