শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত সেচ লাইনের তারে জড়িয়ে পড়া গরুকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন ছেলে। তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তার মা। এ ঘটনায় গরুটিও মারা গেছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা হাওয়া বেগম (৭০) ও আহত মো. হাছান আলী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো ধানের জমিতে ব্যবহৃত সেচ লাইনের তার ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চরতে দেওয়া হাছান আলীর একটি গরু ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।
গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী নিজেও বিদ্যুতায়িত হন। এ সময় ছেলেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বিধবা মা হাওয়া বেগম। তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন