সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক। তিনি বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, গণঅধিকার পরিষদ নেতা হাফিজসহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছে।
রোববার রাতে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাফিজ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন