ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এক যুগ পর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:০০ এএম
তাড়াশ থানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত ১৫ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (১৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের মাত্র তিন দিনের মাথায় নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে আদালত মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারের পর মানিক মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।