ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:০০ পিএম
মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

নির্বাচনি প্রচারের সময় মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জ মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্র হতে শুরু করেন। এরপর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা মিছিলে যোগ দেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ভোট চাচ্ছি দেখে আমাদের বাইরে বের হতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারী আছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সব প্রশ্নের জবাব দিয়ে দেবে।

স্থানীয় মজিবর রহমান বলেন, সিরাজগঞ্জে রয়েছি প্রায় ২০ বছর ধরে। আমার জীবনে আমি এত নারীকে একত্র হতে দেখিনি।

রিকশাচালক সুজিত সরকার বলেন, আমি ভেবেছিলাম জামায়াতের সব ছেলে মানুষ, নারীরা নেই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় জমায়েত দেখিনি।