সিরাজগঞ্জের তাড়াশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার সাংবাদিক রাশিদুল হাসান বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার গুল্টা বাজার এলাকায় অবৈধ পুকুর খনন চলছে- এ মর্মে উপজেলা প্রশাসনের একটি অভিযান-সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে তাড়াশ থানাধীন ধোপাগাড়ী বাজার এলাকায় গেলে ১ নম্বর বিবাদী অবৈধ মাটি ব্যবসায়ী রাজুসহ আরও কয়েকজন তার পথরোধ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, সংবাদ সংগ্রহের কারণ জানতে চেয়ে বিবাদীরা তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক রাশিদুল হাসান আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক রাশিদুল হাসান জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ও তার সহযোগী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তাড়াশ থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

