সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে মোটরসাইকেলচালকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
তিনি জানান, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনকালে ওই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫০০ টাকা নেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করেন। পরে বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারের নজরে আনা হয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

