ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধর্মপাশায় আহত সুশান্ত চন্দ্র বর্মন পেলেন আর্থিক সহায়তা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সুপারিশ ও তদারকিতে সরকারি তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত সুশীল চন্দ্র বর্মনের ছেলে সুশান্ত চন্দ্র বর্মন।

সোমবার (৬ এপ্রিল) উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাঁর চিকিৎসার জন্য ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

ইউএনও জনি রায় বলেন, জেলা সমাজসেবা কার্যালয়ে আহত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে পায়ের চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে, যাতে তিনি সরকারি আর্থিক সহায়তায় চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারেন।

জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সুশান্ত চন্দ্র বর্মন প্রায় নয় মাস আগে জীবিকার সন্ধানে কুমিল্লার গৌরীপুরে যান। সেখানে একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন এবং একটি পা ভেঙে যায়।

পরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন করিয়ে বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি চিকিৎসা ব্যয় ও সংসারের খরচ নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বিষয়টি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমতের নজরে এলে তারা তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে পরামর্শ দেন এবং আর্থিক সহায়তার জন্য সুপারিশ করেন।

পরে ইউএনওর কার্যালয়ে আবেদন প্রক্রিয়া শেষে সোমবার সকালে ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন সুশান্ত চন্দ্র বর্মন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত প্রমুখ।