সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হলিদাকান্দা গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালায় ধর্মপাশা থানা পুলিশ। এ সময় ইয়াবা কেনাবেচার সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হলিদাকান্দা গ্রামের দিলু মিয়ার ছেলে আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮) ও সজীব আহমেদ মোমিন (১৯), একই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে তোফাজ্জল হোসেন বকুল (৪৫) এবং কেশবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে আতিকুর রহমান (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তবে নির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে এতদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় তাদের আটক করা হয়।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।


