সিলেট বিভাগের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের উপেক্ষা করে একটি নির্দিষ্ট ক্লাবকে কেন্দ্র করে কর্মশালা আয়োজন করায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
শনিবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মশালা বর্জন করা হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিযোগ, সিলেট জেলা প্রেসক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ সংগঠনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে পিআইবি কীভাবে একটি নির্দিষ্ট ক্লাবে এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করতে পারে—তা বোধগম্য নয় এবং এটি সুস্পষ্টভাবে বৈষম্যমূলক।
তারা আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ন্যায্যতা ও পেশাগত মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট করেছেন নেতারা।
উল্লেখ্য, ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালাটি বর্তমানে চলমান।


