ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাফলং ব্রিজ ও টাওয়ার রক্ষায় প্রশাসনের অভিযান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০৪ পিএম
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং ব্রিজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত ও মজুদ করা প্রায় ২০-২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। 

এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ও এএসআই মোবারক হোসেনসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নির্দেশনা অমান্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে জাফলং ব্রিজ ও চা বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

অভিযানের সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

তিনি বলেন, জাফলং ব্রিজ ও বৈদ্যুতিক টাওয়ার রক্ষা করাসহ জাফলংয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।