সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হলেও সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে গেছে।
পুলিশ জানায়, সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামার সংকেত দেয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ভারতীয় চারটি ক্যামো রঙের নতুন এয়ারগান এবং ছয়টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


