ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী রাশেল-উল আলম এবং খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান ওসামার পক্ষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা দিলওয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আফজালুর রহমানসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানান তারা।
এনসিপির প্রার্থী প্রকৌশলী রাশেল-উল আলম বলেন, দেশের স্বার্থে ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। সিলেট-৪ আসনে এনসিপিসহ ১০ দল ঐক্যবদ্ধভাবে জয়নাল আবেদীনের পক্ষে মাঠে কাজ করবে।
উল্লেখ্য, প্রায় সাড়ে চার লাখ ভোটার ও তিনটি উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ দলীয় জোটের প্রার্থী জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন দুইবারের জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা জামায়াতের সেক্রেটারি এবং জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


