ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জৈন্তাপুরে রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৪ এএম
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি (লুৎমাইল) গ্রামে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দুইটার দিকে সরকারি রাস্তায় পিলার স্থাপন করে জনচলাচল বন্ধ করে দেয় একটি পক্ষ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাকসহ কয়েকজন প্রতিবাদ জানান। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর, মাসুক, নাজিম, হাসান ও সাজু নামে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।

হামলায় সাতজন গুরুতর আহত হন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আহতদের চিকিৎসা নিতে যেতেও বাধা দেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিকল্প পথে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাক, সাব্বু মিয়া ও ফরহাদকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত নূর মোহাম্মদ বলেন, সরকারি রাস্তায় পিলার স্থাপন করে চলাচল বন্ধ করার বিষয়ে জানতে চাইলে তাঁদের ওপর হামলা চালানো হয়। সুস্থ হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে শুনেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।