সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
রোববার (১ মার্চ) দুপুরে তিনি নগরের ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর ও শাহপরান গেট এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘জনগণের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজের গুণগত মান অবশ্যই শতভাগ রাখতে হবে। কাজ যথাসময়ে শেষ না হলে জনগণের ভোগান্তি বাড়ে, যা আমরা চাই না। আমাদের লক্ষ্য নগরবাসীকে স্বস্তি ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগর পরিবেশ দেওয়া।’
তিনি আরও বলেন, ‘নগরবাসীর প্রত্যাশা আমাদের কাছে অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের সহযোগিতা অপরিহার্য। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়।’
এ ছাড়া প্রশাসক শাহপরান এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয় ও কালেক্টরেট মসজিদের সামনে পুলিশের বক্স পরিদর্শন করেন। তিনি সড়কে অটোরিকশা দাঁড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শ্রমিকদের সতর্ক করেন। পাশাপাশি তালতলা এলাকায় ফুটপাতের ভাঙা স্ল্যাব দ্রুত নতুন স্ল্যাব দিয়ে প্রতিস্থাপনের নির্দেশ দেন সিসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের।

-20260301154517.webp)

