পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার এবং পরিবহন শাখার ড্রাইভারদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানবিক নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘তার উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। সিলেট একটি পর্যটন নগরী। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারে প্রতিদিন হাজারো মানুষ আসেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।’
সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, ‘নগরের প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন প্রায় ৫০০ টন বর্জ্য উৎপাদন করেন। মাত্র ৮২৭ জন কর্মীর পক্ষে এই বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও ডাম্পিং করা কঠিন। তাই নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, এ অনুদানের চেক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।



